আখেরি মোনাজাতে লাখো মুসল্লিদের ঢল। তাবলীগ জামাতের (সাদপন্থী) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানার দর্শনা দ্বীপ আই কেয়ার সংলগ্ন তাওহীদ হাউজিং মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার মুসল্লি অংশ নেন।
এর আগে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান ও আমলের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ওলামা-মাশায়েখ বয়ান করেন। পরে কাকরাইলের তাবলীগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা ওয়াজিউল বারীর পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করা হয়।
গত ২৬ নভেম্বর বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমায় দেশি-বিদেশি মুসল্লিরা অংশ নেন।
বিদেশি মুসল্লিদের মধ্যে সুদান থেকে ৯ জন এবং মালয়েশিয়া থেকে ৬ জন অংশগ্রহণ করেন। তারা ইজতেমা মাঠের পশ্চিম প্রান্তে নির্ধারিত কামরায় অবস্থান করেন। ইজতেমায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ আহমেদ, কাকরাইলের তাবলীগ জামাতের আমির মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, হাফেজ অজিউল্লাহ, ডা. নাফিস ও মো. শফিক বিন নাঈমসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ব্যক্তিত্ব।
ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশের চারটি অস্থায়ী পোস্ট স্থাপন করা হয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
এছাড়া আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আয়োজক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমার সমাপ্তি ঘটে। ইজতেমাকে ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।