নওগাঁর পত্নীতলা উপজেলার ১০ নম্বর আমাইড় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খান। তিনি ইউনিয়নের কুন্দন বাজার এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে আব্দুস সবুর খান বাজারের দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কাছে যান এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হলে আমাইড় ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানিমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন। ইউনিয়নবাসীর নাগরিক সেবা সহজতর করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। গণসংযোগ চলাকালে এলাকার ভোটাররাও তাদের প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন এবং আব্দুস সবুর খানের প্রতি শুভেচ্ছা জানান।