নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খান। আজ শনিবার আমাইড় ইউনিয়নের তীরমনি বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও এলাকাবাসীর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে আব্দুস সবুর খান আমাইড় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, “আসসালামু আলাইকুম প্রিয় আমাইড় ইউনিয়নবাসী। আগামী দিনে আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মক কাজ করব।”
তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে আরও বলেন, “আমাইড় ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়নে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেব। একই সঙ্গে আমাইড় ইউনিয়নকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তীরমনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে তিনি ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।