চট্টগ্রাম নগরীর লালদীঘি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে কোতোয়ালি থানা থেকে প্রিজন ভ্যানে করে ২৪ জনকে আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেন নেতাকর্মীরা। আদালতের নির্দেশ পাওয়ার পর একই প্রিজন ভ্যানে করে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার নেতাকর্মীদের আদালতে আনার খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে লোকজন জড়ো হন। এ সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে থানা থেকে আদালতে নেওয়ার সময়ও কোতোয়ালি থানার সামনে লোকজনের জটলা দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, লালদীঘি এলাকায় মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বার্তা বিচিত্রাকে বলেন, ‘গতকাল বড় ধরনের জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। পুলিশের কঠোর নজরদারি ও তৎপরতার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। ঘটনাস্থল থেকে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘আজ তাঁদের আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
শাহ আমানত মাজারে ককটেল উদ্ধারের প্রসঙ্গে ওসি বলেন, এর আগে মাজার এলাকায় নাশকতার চেষ্টা করা হয়েছিল এবং ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, লালদীঘির মিছিলের ঘটনার অংশ হিসেবেই মাজার এলাকায় নাশকতার পরিকল্পনা ছিল। পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে।