‘বেতন বাড়ানোর দরকার নেই, জিনিসপত্রের দাম কমান’-এমন দাবি তুলে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাপাসকাটিয়া বাজারে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং গাভিনা ও শিরবির শাখার আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়।
হাটসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বেতন বাড়ানোর চেয়ে জিনিসপত্রের দাম কমানো বেশি জরুরি। একই সঙ্গে কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে কৃষক ও শ্রমজীবী মানুষ চরম সংকটে রয়েছেন। তাঁদের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দলীয়করণ যেন না হয়, সেদিকে নজর দিতে হবে। প্রকৃত কৃষক ও অসহায় পরিবারগুলো যাতে এসব সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।
হাটসভায় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামসুল আলম খান ও সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।
কমরেড আজিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নূর আলম খান।
সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।