দীর্ঘদিনের বিরোধ, আধিপত্য বিস্তারের লড়াই আর এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনার জেরে এবার রণক্ষেত্রে পরিণত হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা গ্রাম। সাবেক দুই ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটে।
বুধবার ১১ নভেম্বর সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ও সাবেক চেয়ারম্যান বকুলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে বকুলের অনুসারীদের বিরুদ্ধে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরদিন বুধবার সকালেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। একপর্যায়ে কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সংঘর্ষ থামে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।