আজ সকালে দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর নভেম্বর/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়। সভায় কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।
উক্ত সভায় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ (পুরুষ ও নারী)-২০২৬" এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের কমিশনার মহোদয় শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। এছাড়াও পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী এসআই (সশস্ত্র) মোঃ নুরুজ্জামানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।