নওগাঁর পত্নীতলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, নজিপুর প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
সংশ্লিষ্টরা জানান, রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করাই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য।