দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বাড়াই ও রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) পৃথক দুটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহাদাত হোসেন। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী মন্দিরের সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দিরের সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায় নিজ নিজ মন্দিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্যবাহী এই পূজা ও মেলা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ১০ দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য, শতবর্ষের ঐতিহ্য ধারণ করে বাড়াই শ্রীশ্রী বোল্লাকালী পূজা এবার ১০৭তম এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী পূজা ১২৬তম অধিবেশনে পদার্পণ করেছে।