মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ভূঁইয়া ফিল্ম স্টেশন' সামনে থেকে মালামালসহ একটি কাভার্ড ভ্যান ডাকাতি হয়। এ ঘটনার পর গজারিয়া থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের চার সদস্যকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
১. মো. জাকির হোসেন (৩১): পিতা- দাদন মাতবর, গ্রাম- উমেতপুর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর।
২. মো. খোরশেদ আলম (৪৫): পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- বারঘরিয়া, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর।
৩. রাজু আহম্মেদ (৪০): পিতা- মতিউর হাওলাদার, বাসা নং- ১১২/২, জগন্নাথ সাহা রোড, থানা- লালবাগ, ঢাকা।
৪. মো. নুর জামাল (২৯): পিতা- মৃত হেমায়েত, এলাকা- আশরাফাবাদ, থানা- কামরাঙ্গীরচর, ঢাকা।
অভিযান নেতৃত্ব দেন গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল, এসআই হাদিউজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা ভুয়া ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি করত। ঢাকা থেকে তাদের আটক করার পাশাপাশি লুণ্ঠিত কাভার্ড ভ্যান, ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, চারটি লেজার লাইট এবং দুটি লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।