হাজারো ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ‘গরিবের ডাক্তার’ খ্যাত আব্দুর রশিদ (ডাক্তার )। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি বাগডাঙ্গা গ্রামের মরহুম মকবুল হোসেন সরদারের ছোট ছেলে ছিলেন । তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ তাঁর বাড়িতে ছুটে আসেন।
শুক্রবার জুমার নামাজের পর জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুম ডাক্তার আব্দুর রশিদের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, ডাক্তার আব্দুর রশিদ সত্যিকার অর্থেই অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল ছিলেন । দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি নামমাত্র মূল্যে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে গেছেন। শুধু তাই নয়, এলাকার অসচ্ছল ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা ও করেছেন। মানবিক এই সেবার কারণেই তিনি মানুষের কাছে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেন।
জানাজায় উপস্থিত অনেকেই তাঁর দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ড ও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা বলেন, মানুষের প্রতি তাঁর ভালোবাসা, আন্তরিকতা ও সেবার মানসিকতা তাঁকে সবার কাছে স্মরণীয় করে রাখবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাগডাঙ্গাসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। একজন মানবিক চিকিৎসাসেবক হিসেবে আব্দুর রশিদ মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসির #