চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক টেম্পোচালক ও এক কিশোর নিহত হয়েছেন।
বাইকারকে বাঁচাতে গিয়ে টেম্পো উল্টে চালক নিহত
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারীগামী একটি টেম্পোর সামনে হঠাৎ একটি মোটরসাইকেল চলে আসে। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে টেম্পোচালক দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত চালক সুমনের (৩৫) গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। তিনি মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকায় দীর্ঘ ২০ বছর ধরে ভাড়া বাসায় থাকতেন এবং বর্তমানে কাজিরহাট এলাকায় জমি কিনে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
হাইচ গাড়ির ধাক্কায় কিশোর নিহত
এর আগে, শুক্রবার মধ্যরাতে একই মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন সেন্টারের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবির হোসেন (১৬)। সে মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাপ্পি রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষে বাড়ি ফেরার জন্য চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে উঠলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।