হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি টমটম ইজিবাইকসহ তিন চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে চালগুলো জব্দ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের খবর পেয়ে আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে করে সরকারি বস্তায় ভরা চাল নিয়ে যাওয়ার সময় ৫৮ বস্তা চালসহ তিন চালককে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় জানান, আটক তিন চালক পুলিশকে জানিয়েছেন, কালনী গ্রামের হেলিম মিয়া দুর্লবপুর থেকে চালগুলো তাদের গাড়িতে তুলে দেন। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই কার্যালয় থেকে লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। মূলত রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো চালগুলো ভোক্তাদের মধ্যে বিতরণ করেছিলেন। তবে ভোক্তারা সেগুলো হেলিম মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে চালগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ জব্দ করে।