নেত্রকোনার পূর্বধলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে এক তরুণীর পরিচয় ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯), রোহিঙ্গা নাগরিক রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
প্রাথমিকভাবে জানা গেছে, গত ২৪ নভেম্বর কাউসার তার বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে তার নামে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নেত্রকোনায় আসেন।
পাসপোর্ট অফিসে আবেদন করার সময় কাউসারের কথাবার্তা ও দাখিল করা কাগজপত্রে অসংগতি দেখতে পান কর্মকর্তারা। পরে বিষয়টি পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।