জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ের পরও প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতি না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)সকাল ১০টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোছা. আলপনা পারভীনের দেখা মেলে দুপুর ১টা ৩৭ মিনিটে। সাংবাদিকদের উপস্থিতির খবর পাওয়ার পর তিনি কার্যালয়ে আসেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দাপ্তরিক সময়ে তাঁকে নিয়মিত কার্যালয়ে পাওয়া যায় না। তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলপনা পারভীন বলেন, তিনি নিয়মিত সময়েই অফিসে আসেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার চেয়ারম্যান পদে পরিবর্তন হওয়ায় পরিষদের ব্যাংক হিসাব পরিবর্তনসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র নিয়ে ব্যাংক ও অন্যান্য কার্যালয়ে যেতে হচ্ছে তাঁকে।
তিনি আরও বলেন,আমার বাসা জয়পুরহাট সদরে হওয়ায় সরাসরি অফিসে না এসে প্রয়োজনীয় কাজ শেষ করে ইউনিয়ন পরিষদে এসেছি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন,সরাসরি অফিসে না এসে হাজিরা না দেখিয়ে দেরিতে আসা আমার উচিত হয়নি।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন,আমি মাত্র ১৫ দিন আগে দায়িত্ব নিয়েছি। আলপনা পারভীন এর আগে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ছুটিতে ছিলেন। বর্তমানে কেন তিনি নিয়মিত অফিসে আসছেন না, তা আমার জানা নেই।
জনসাধারণের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, “আমি নিজে সকাল ৯টায় অফিসে আসি। দাপ্তরিক কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকলে জনগণের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে আলপনা পারভীন সরকারি প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় তাঁর বিষয়ে বিস্তারিত বলতে পারব না।
পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান বলেন,আমি আমার দাপ্তরিক কাজ নিয়মিত করি। তবে আলপনা পারভীন কেন দেরিতে আসেন কিংবা কী কাজে বাইরে থাকেন, সে বিষয়ে কিছু বলতে পারব না।
এদিকে পরিষদে সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তাঁরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সেবা নিতে আসা আলেফোন, সজিব, বিধান ও আনোয়ারসহ কয়েকজন জানান, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাজ সম্পন্ন হলে তাঁদের জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে ব্যাংক হিসাব পরিবর্তনের বিষয়ে আলপনা পারভীনের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম ও হিসাবের ধরন অনুযায়ী এ ধরনের পরিবর্তনে সংশ্লিষ্ট হিসাবধারীদের উপস্থিতির প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে এ বিষয়ে চেয়ারম্যান আতাউর রহমান জানান,ব্যাংক হিসাব পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি পদ। পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, নথিপত্র সংরক্ষণ, পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবার প্রশাসনিক কার্যক্রমে এ কর্মকর্তার দায়িত্ব রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৬২ ধারায় পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে বিধান রয়েছে। পরবর্তী সংশোধনীতে ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ শব্দ ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় সরকারি দপ্তরে সময়মতো উপস্থিতি, দায়িত্ব পালন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নির্ধারিত সময়ে কর্মকর্তা উপস্থিত না থাকলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে কতটা ভোগান্তিতে পড়ছেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন,আমি বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।