বান্দরবানের লামায় “করবো সমাবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভার আয়োজন করা হয়। ‘
রবিবার(০৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো.আমির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ-পরিদর্শক শেরে আবরার সাদ।
সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন-দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সমবায় সমিতি পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন বক্তারা। দিবসে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।