নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, উপজেলার ঘোনা গ্রামে মাদকদ্রব্য গাঁজা বিক্রির গোপন সংবাদ পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে ঘোনা গ্রামের বাসিন্দা মৃত বদের আলী মন্ডলের ছেলে মো. আব্বাস আলী (৫০)-এর গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গোয়ালঘরের ভেতরে গোবরের খড়ির নিচে লুকিয়ে রাখা অবস্থায় নীল রঙের পলিথিনে কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামি আব্বাস আলীর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে এসব গাঁজা জব্দ করে পুলিশ।
মান্দা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।