নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এখন থেকে নতুন ও বৃহৎ পরিসরের ভবনে কার্যক্রম পরিচালনা করবে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নতুন ভবনে ট্রাফিক অফিসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাফিক বিভাগ নওগাঁ জেলা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এতদিন শহরের গলির ভেতর একটি ছোট্ট ভাড়া ভবনের মাত্র একটি ফ্লোরে সীমিত পরিসরে ট্রাফিক অফিসের কার্যক্রম চলছিল। কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের অংশ হিসেবে বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছি রোডে, নওগাঁ জেলা কারাগারের সামনে একটি নতুন ভাড়া ভবনে বৃহৎ পরিসরে অফিসটি স্থানান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁ জেলায় ইতিমধ্যে ই-প্রসিকিউশন কার্যক্রমও চালু হয়েছে। নতুন এই প্রশস্ত ভবনে কার্যক্রম শুরুর ফলে জেলার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল ও কাজের উদ্দীপনা আরও বাড়বে।