কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চিঠি, চিরকুট ও স্বর্ণালংকার পাওয়া গেছে। এসব চিঠি-চিরকুটে উঠে এসেছে মানুষের নানা আবেগ, আশা-আকাঙ্ক্ষা, প্রেম, প্রতারণা, পারিবারিক বিরোধ ও স্বপ্নভঙ্গের গল্প।
শনিবার (২১ নভেম্বর) দীর্ঘ চার মাস ২৫ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সকাল ৭টায় দানবাক্স খোলার পর সাড়ে ৭টা থেকে শুরু হয় টাকা গণনা। সংশ্লিষ্টদের ধারণা, গণনা শেষ হতে রাত ১০টা পর্যন্ত সময় লাগতে পারে।
দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে স্বর্ণা নামের এক তরুণীকে উদ্দেশ করে লেখা এক প্রেমিকের আকুতি। চিরকুটে প্রিয় মানুষটিকে ভুলতে না পারার অনুভূতি প্রকাশের পাশাপাশি স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে।
অন্য একটি চিঠিতে উঠে এসেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তির কষ্টের কথা। বিদেশ যাওয়ার আশায় দালালের হাতে টাকা দিয়ে প্রতারিত হওয়া ওই ব্যক্তি হারানো অর্থ ফেরত, প্রতারকদের বিচার এবং নিরাপদে ইউরোপ যাওয়ার সুযোগ চেয়ে প্রার্থনা করেছেন। একই সঙ্গে দেশে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা-সেবা চালুর আকুতিও জানিয়েছেন তিনি।
এ ছাড়া পারিবারিক বিরোধ ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে লেখা একটি দীর্ঘ চিঠিও পাওয়া গেছে। এতে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন এক ব্যক্তি। তাঁর দাবি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁর স্ত্রী ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নিয়েছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। শ্বশুরবাড়ির লোকজনের কারণে তাঁর মোট আর্থিক ক্ষতি প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরেক চিরকুটে এক ব্যক্তি নিজের আর্থিক সচ্ছলতা ও পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন। তাঁর প্রার্থনা—আল্লাহ যেন তাঁকে হাজার কোটি টাকার মালিক করেন এবং মিমকে জীবনসঙ্গী হিসেবে কবুল করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, অল্প সময়ের ব্যবধানে দানবাক্সগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আগের ১৩টির সঙ্গে আরও দুটি বাক্স যুক্ত করা হয়েছে। বর্তমানে মসজিদে মোট ১৫টি দানবাক্স রয়েছে।
তিনি বলেন, দানবাক্সে চিঠি ও চিরকুট রাখার কারণে টাকা রাখার জায়গা কমে যায়। চিঠিগুলো আলাদা করতে গিয়ে টাকা গণনার কাজেও বিঘ্ন ঘটে এবং সংশ্লিষ্টদের অতিরিক্ত সময় ব্যয় হয়। এ কারণে দানবাক্সে চিঠি-চিরকুট না রাখার জন্য আগেও মানুষকে নিরুৎসাহিত করা হয়েছে।