জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ২ নম্বর ধরঞ্জী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, নিহত দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম হাসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত নবিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।