পঞ্চগড় সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও বিশেষায়িত যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং প্রচারণা।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকলেও গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
সীমান্তে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আকাশপথে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম এলাকায় দ্রুত চলাচল ও টহল কার্যক্রম পরিচালনায় কাজে লাগানো হচ্ছে এটিভি।
এ ছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব প্রচারণায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।