চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়ক (আউটার রিং রোড) সংলগ্ন ফ্লাইওভারের নির্মাণকাজ এখন একেবারেই শেষ পর্যায়ে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে পতেঙ্গা সি-বিচ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত এই ফ্লাইওভার চালু হলে নগরীর যানজট অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবহন ও নগর বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং পতেঙ্গা শিল্পাঞ্চলকেন্দ্রিক ভারী যানবাহন—যেমন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি—আগে নগরীর মূল সড়ক ব্যবহার করে ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় যাতায়াত করত। এতে পুরো চট্টগ্রাম মহানগরীতে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো। তবে আউটার রিং রোড চালুর পর থেকে নগরীর ভেতরের যানবাহনের চাপ ও যানজটের প্রবণতা ইতিমধ্যেই বেশ কমে এসেছে।

পতেঙ্গা সী-বিচ কেন্দ্রিক এই ফ্লাইওভারটির কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়াত হোসেন জানান, "কর্ণফুলী টানেল ও বন্দরকেন্দ্রিক ভারী যানবাহনগুলোকে আউটার রিং রোড ব্যবহারে বাধ্য করা হবে। বন্দরকেন্দ্রিক ট্রাক-লরি এবং ঢাকাগামী বাসগুলো এখন আউটার রিং রোড হয়ে সরাসরি ঢাকা ট্রাঙ্ক রোডে উঠতে পারবে, যা আগে খুবই দুঃসাধ্য ছিল। ফ্লাইওভারটির কাজ পূর্ণাঙ্গ শেষ হলে চট্টগ্রাম নগরীর যানজট পরিস্থিতির চিত্র আমূল বদলে যাবে।"