জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫)। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী।
পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে হেলমেট পরা দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করে। এ সময় তারা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তল্লাশি চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা গরু বিক্রির নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান আলী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।