নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিরপুল এলাকায় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরপুল এলাকায় ককটেল রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশের জঙ্গল থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলোর জব্দ তালিকা তৈরি করে র্যাব সদস্যরা থানায় জমা দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।