কিশোরগঞ্জের অষ্টগ্রামে থানা হেফাজতে আনু মিয়াকে নির্যাতনের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অষ্টগ্রাম থানা পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, মানববন্ধনস্থলে সাংবাদিকদের উপস্থিতিতে ওসি রোকনুজ্জামানের নির্দেশে এসআই মোজাম্মেল সাংবাদিক এ আর সুমনের মোবাইল ফোন ছিনিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে মোবাইল ফোনটি ফেরত দিতে বাধ্য হন ওই পুলিশ কর্মকর্তা।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে অষ্টগ্রামের আলমদীঘিরপাড় এলাকাবাসী উপজেলা পরিষদের পুরাতন টিএনও কার্যালয়ের সামনে মানববন্ধনের জন্য জড়ো হতে থাকেন। তবে মানববন্ধন শুরু হওয়ার আগেই অষ্টগ্রাম থানা পুলিশের একটি গাড়ি উপজেলা পরিষদের ফটকে এসে অবস্থান নেয়।
এ সময় এসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে মানববন্ধন করতে নিষেধ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ রয়েছে—এখানে লোকজন জড়ো হতে পারবেন না, একসঙ্গে পাঁচজনের বেশি অবস্থান করতে পারবেন না। তাদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের এমন বক্তব্যের পর সাংবাদিক আল-আমিন সহকারী পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় সহকারী পুলিশ সুপার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। পরে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।
পরিস্থিতির একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী আহত আনু মিয়াকে কোলে করে নিয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যান। সেখানে পৌঁছানোর পরপরই ওসি রোকনুজ্জামানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অভিযোগ রয়েছে, এ সময় ওসি রোকনুজ্জামান এসআই মোজাম্মেলকে সাংবাদিক এ আর সুমনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে এসআই মোজাম্মেল সাংবাদিক সুমনের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। ঘটনাটি দেখে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে একপর্যায়ে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।
এদিকে মানববন্ধনে অংশ নিতে আসা এলাকাবাসীর উদ্দেশে ওসি রোকনুজ্জামান বলেন, আপনারা এক মিনিটের মধ্যে উপজেলা পরিষদ থেকে চলে যান, অন্যথায় আমরা লাঠিচার্জ করতে বাধ্য হব।
ওসির এমন বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এলাকাবাসীর অভিযোগ, আনু মিয়াকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো এবং এর সুষ্ঠু তদন্তের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দিয়েছে।
তাদের ভাষ্য, মানববন্ধন করা আমাদের নাগরিক অধিকার। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি। আনু মিয়ার ওপর নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের সেই অধিকার কেড়ে নিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের বাধা, লাঠিচার্জের হুমকি এবং একজন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ওসি রোকনুজ্জামান, এসআই মোজাম্মেল ও এসআই সাইফুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
এলাকাবাসী ও সাংবাদিকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচিতে বাধা প্রদান এবং সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।