ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান মেরামত ও সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুসরণ না করার অভিযোগ তুলেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজ’ প্রকল্পের আওতায় ‘মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির দায়িত্ব পায়। বর্তমানে কলেজের একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে।

অভিযোগ উঠেছে, প্রকল্পের শিডিউলে নতুন ইট ব্যবহারের স্পষ্ট নির্দেশনা থাকলেও সেখানে আগে ব্যবহৃত পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হচ্ছে। এ ছাড়া একাডেমিক ভবনের মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই তড়িঘড়ি করে টাইলস বসানো হচ্ছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী সরানো হয়নি।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, "ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করছেন। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।"

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (পুর) তরিকুল ইসলাম জানান, "ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে ইতোমধ্যে আপত্তিকর নির্মাণসামগ্রী অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।"

অন্যদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাকির হোসেন বলেন, "নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। তবে আমি সাইটে উপস্থিত না থাকার সময় হয়তো শ্রমিকরা কিছু ভুল বা অনিয়ম করে থাকতে পারে।"

প্রায় ২৫ লাখ টাকার সরকারি অর্থায়নে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সংস্কারকাজে ওঠা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর তদারকি এবং দ্রুত গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।