বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের পরবর্তী উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর থেকে নতুন অভিনেতা খুঁজছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কয়েকজন তারকার নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন দুই অভিনেতার নাম যুক্ত হওয়ায় বন্ড নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটি-র ৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট গোপনে স্ক্রিন টেস্টে অংশ নিয়েছেন। তাঁদের নাম সামনে আসার আগে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় ছিলেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। সব মিলিয়ে এখন অন্তত পাঁচ অভিনেতাকে ঘিরে চলছে আলোচনা।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছবির মধ্য দিয়ে জেমস বন্ড চরিত্রে শেষবারের মতো অভিনয় করেন ড্যানিয়েল ক্রেগ। এরপর নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি।

নতুন বন্ড নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।

চলতি বছরের মে মাসে কাস্টিং প্রক্রিয়া শুরু হয়। দায়িত্ব পান ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করা কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। অক্টোবরের শেষ দিকে বাছাইপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খবর প্রকাশিত হয়। সম্ভাব্য অভিনেতাদের অভিনয়দক্ষতা, শারীরিক সক্ষমতা, অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা এবং ক্যামেরার সামনে উপস্থিতি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্যালাম টার্নারকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’, ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া এই ব্রিটিশ অভিনেতার বয়স ৩৬ বছর। সাবেক বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনানও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। দীর্ঘদিন ধরে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় থাকায় নির্বাচনের দৌড়ে তাঁকে এগিয়ে রাখছেন অনেকে।

তবে ক্যালাম টার্নারের জন্য প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে না। ‘স্লো হর্সেস’ সিরিজে অভিনয় করে প্রশংসা পাওয়া জ্যাক লোডেনও রয়েছেন আলোচনায়। তাঁর সহশিল্পী গ্যারি ওল্ডম্যানের একটি মন্তব্য নতুন বন্ড নির্বাচন নিয়ে জল্পনা বাড়িয়েছে। ওল্ডম্যানের কথায় নতুন বন্ড ইতিমধ্যে নির্বাচিত হয়ে থাকতে পারেন—এমন ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

আরেক সম্ভাব্য প্রার্থী জশ ও’কনর। ‘দ্য ক্রাউন’ ও ‘চ্যালেঞ্জার্স’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার দক্ষতার জন্য প্রশংসিত। তাঁর নামও সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন করে আলোচনায় আসা রবার্ট প্যাটিনসন ইতিমধ্যে ‘টোয়াইলাইট’, ‘টেনেট’ ও ‘দ্য ব্যাটম্যান’-এর মতো ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, ‘এক্স-ম্যান’ সিরিজ, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ও ‘সুপারম্যান’-এর অভিনেতা নিকোলাস হল্টও প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছেন।

এদিকে শুরুতে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় থাকা জ্যাকব এলর্ডি ও জ্যাক ও’কনেল চূড়ান্ত স্ক্রিন টেস্টে অংশ নিচ্ছেন না বলে খবর প্রকাশিত হয়েছে। অ্যারন টেলর-জনসন, থিও জেমস, জনাথন বেইলি, হ্যারি স্টাইলস ও পল মেসকালসহ আরও কয়েকজনের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এলেও তাঁদের অডিশনের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নতুন ছবিটি পরিচালনা করবেন কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনভ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ ও ‘অ্যারাইভাল’-এর মতো ছবির পরিচালক বন্ড সিরিজের নতুন অধ্যায় নিয়ে কাজ করছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নতুন বন্ডের নাম জানতে চাইলে রসিকতা করে ঘোষণা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ করেননি তিনি।

চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। ছবিটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। প্রযোজক প্যাসকাল চলতি বছরের আগস্টে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শেষ দিকে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে ২০২৭ সালে ছবিটির শুটিং শুরু এবং ২০২৮ সালে মুক্তির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে জেমস বন্ডের নতুন অভিযানে কে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের।