ইসরায়েলের প্রধানমন্ত্রী পদ ছাড়তে সম্মত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে নতুন সরকারে জ্যেষ্ঠ পদ এবং পুনরায় নেতৃত্বে ফিরে পাওয়ার প্রতিশ্রুতি চান তিনি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের অনুমোদনক্রমে জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে এমন প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। খবর টেলিগ্রাফের।
এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট, নিজের পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেছেন নেতানিয়াহু। আইজেনকোট ইতোমধ্যেই একটি বিকল্প জোট গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন। সেটি পূর্ণতা পেলে আগামী সপ্তাহের শুরুর দিকেই নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
গত শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই জাতীয় ঐক্যের সরকারের নেতৃত্ব আমারই দেয়া উচিত, অথবা পালাক্রমে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে অন্তত প্রথম মেয়াদে আমারই থাকা উচিত। কিন্তু অস্তিত্বের সংকটের ভয়াবহতা এবং এই সংকট মোকাবিলায় অক্ষম এমন একটি সরকার গঠিত হওয়ার আশঙ্কার কথা বিবেচনা করে একজন নেতা হিসেবে আমার দায়িত্ববোধ থেকে সবকিছু একপাশে সরিয়ে রাখতে হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।’
এই প্রস্তাব নিয়ে রোববার (২৯ নভেম্বর) দুই নেতা আলোচনায় বসেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
এর আগে নেতানিয়াহুর এই প্রস্তাবের জবাবে আইজেনকোট জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি। একইসঙ্গে ক্ষমতায় যাওয়ার একটি বিকল্প পথ চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছেন বলেও উল্লেখ করেন ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধান।
নেতানিয়াহুর এই প্রস্তাবের আগে আইজেনকোটের মিত্ররা তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
মাসখানেক আগে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর থেকেই নেতানিয়াহুকে হটাতে একটি জোট গঠনের প্রক্রিয়া চলছিল। যার অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে তথাকথিত ‘চেঞ্জ ব্লক’-এর বিভিন্ন দলের মধ্যে একের পর এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে আইজেনকোটের চেঞ্জ ব্লকের নেতারা নেতানিয়াহুর এই প্রস্তাব বিবেচনা না করার জন্য তাকে সতর্ক করেছেন।