নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মামুন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) বিকেলে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর থানার মুগরইল গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। অভিযানের অংশ হিসেবে উজিরপুরগামী পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।