যশোরের বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়।
এ সময় ভ্যানচালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ভ্যানচালক মিয়ারাজ গাইনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে বিস্তারিত তথ্য এবং মামলার অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।