মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৫ জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
লৌহজং অংশে পদ্মা নদীতে গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা মৎস্য অফিস, বাংলাদেশ কোষ্ট গার্ড এবং নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. নবীরুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বাসস’কে জানান, গ্রেফতারকৃত ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।