জেলার শিবগঞ্জে দু’টি ভটভটি থেকে ১৬৯ বস্তা ডিএপি এবং পটাশ সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
গতকাল শনিবার উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি।
গতকাল রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারবোঝাই একটি ট্রলি এবং একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় যান দু’টি থেকে মোট ১৬৯ বস্তা ডিএপি এবং পটাশ সার জব্দ করা হয়। জব্দ করা সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
প্রশাসনের উপস্থিতিতে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া।