২০-১০ -২৬ইং রোজ মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা মণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের আয়োজক, পূজারি ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকারী দলের সঙ্গে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং গাজীপুর জেলাপূজা উদযাপন ফ্রন্টের যুগ্ন আহবায়ক
বাবু সঞ্জয় কান্ত শীল, আহবায়ক সদস্য বাবু সুজন চন্দ্র দাস ও কালিগঞ্জ থানা পূজা উদযাপন ফ্রন্টের এর নেতৃবৃন্দ।
সম্প্রীতি ও নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান
সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য উৎসব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই যেন আনন্দ ও নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসন সতর্ক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”
ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম জানান, কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাসই এ দেশের ঐতিহ্য। দুর্গাপূজা নিরাপদ ও আনন্দমুখর করতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
পরিদর্শন শেষে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় কালীগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।