পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলার সার্বিক নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পর্যালোচনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি সেনাজোনের (দীঘিনালা জোন) জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
পরিদর্শনকালে জোন কমান্ডার বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। একই সাথে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া যাতে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে জোন সদর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও সুধীজনদের উদ্দেশ্যে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আল-আমিন বলেন, "দীঘিনালা জোন পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির এই ধারা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে রয়েছে এবং অদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"