সৌদি প্রো লিগে নেওমের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের জয়ের ম্যাচে পেনাল্টি মিসসহ একাধিক সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তাঁর স্বদেশি জাও ফেলিক্সের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে আল নাসর।
আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদো। তাঁর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের অপেক্ষা বাড়ে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। ম্যাচের ৪৮ মিনিটে সাদিও মানের ক্রস থেকে ফাঁকা পোস্টে বল জড়াতে ব্যর্থ হন পর্তুগিজ এই তারকা।

তবে শেষ পর্যন্ত রোনালদোর ব্যর্থতা দলের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচের ৬১ মিনিটে অ্যাঞ্জেলোর বাড়ানো বলে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন জাও ফেলিক্স। তাঁর সেই গোলেই এগিয়ে যায় আল নাসর। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি। রোনালদো গোল করতে না পারলেও ফেলিক্সের গুরুত্বপূর্ণ গোল শেষ পর্যন্ত আল নাসরকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছে।