সকালে সংঘর্ষ শুরু, সন্ধ্যায় সালিশ, এরপরই পরিস্থিতি মোড় নেয় সংঘর্ষে। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া এলাকা। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ২০ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত গরুর জন্য গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে। মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, এ সময় আলমগীরকে মারধর করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ মীমাংসার জন্য সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। তবে বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।