ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ডাকাত দলের সরদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথ আটকে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। অভিযান শেষে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে গ্রেপ্তার ব্যক্তিদের রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ২১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এলিট ফোর্স।