কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার, অস্ত্র জমা

Date: 2026-05-04
news-banner

নিজস্ব প্রতিবেদক, 
কিশোরগঞ্জে একদল মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে শপথ নিয়েছেন এবং পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। রোববার সন্ধ্যায় জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০ থেকে ১২ জন মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন।

শপথ গ্রহণ শেষে কয়েকজন মাদক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা অন্ধকার জগতে জড়িয়ে ছিলেন। অর্থ উপার্জন করলেও মানসিক শান্তি পাননি। এখন তারা স্বাভাবিক জীবনে ফিরে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চান। একই সঙ্গে তারা তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

অনুষ্ঠানে এক নারী মাদক ব্যবসায়ী বলেন, তিনি ও তার স্বামী এ পথ ছেড়েছেন, তবে তার বড় ভাই এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকেও এই পথ থেকে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, মাদক মামলায় জামিন পেলেও যেন অন্য মামলায় অভিযুক্তরা কারাগারে থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক বিক্রি বন্ধে আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যারা মাদক ছেড়ে ভালো পথে ফিরতে চান, তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যারা মাদক ব্যবসা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যেন তা স্থায়ীভাবে পালন করেন। অন্যথায় আবার এ পথে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। তিনি আরও জানান, সংশ্লিষ্টদের পুনর্বাসন ও বিকল্প আয়ের ব্যবস্থা করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments