লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

Date: 2026-07-05
news-banner

লামা প্রতিনিধি :

আজ লামা ৫ জুলাই ২০২৬ ইং (রবিবার) জীনামেজু নন্দ মালা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউট-এর কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মঈন উদ্দিন এবং লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য ম্যায়েছা মার্মা,উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আলীকদম জোন সব সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়দের মতে, লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave Your Comments