ওয়েট অ্যান্ড সি...আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

Date: 2026-05-04
news-banner

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

সোমবার (বাংলাদেশ সময়) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভোট গণনার মাঝেই দেওয়া এই ‘জরুরি বার্তা’তে দলীয় কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এদিকে, গণনা করা ভোটের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৯৩ আসনে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে আছে ৯৬ আসনে।

ফলাফলের এই প্রবণতার মধ্যেই বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজেপির আসনগুলোর ফল আগে দেখানো হচ্ছে, আর তৃণমূলের ফলাফল পরে প্রকাশ করা হচ্ছে।

তবে দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সূর্যাস্তের পর চিত্র বদলাবে এবং শেষ পর্যন্ত তৃণমূলই জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave Your Comments