মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাটি।
সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাথিউ কুইন জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে টহলরত কর্মকর্তারা সন্দেহজনক আচরণ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করেন। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল।
কুইন বলেন, কর্মকর্তারা কাছে গেলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন এবং তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। ওই সময় কাউকে ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে দেওয়া হয়নি।
এ ঘটনায় সন্দেহভাজনের গুলিতে এক কিশোর পথচারী আহত হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুইন আরও জানান, ঘটনার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করেছিল। তবে সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্য সেই বহর ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।
সন্দেহভাজনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে নিরাপত্তা জোরদারের মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।