নালিতাবাড়ীতে বিকাশ এজেন্টের ওপর হামলা, আড়াই লাখ টাকা লুট

Date: 2026-05-20
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে এক বিকাশ ব্যবসায়ীর পথরোধ করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজ এলাকার শামীম অটো মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আরিফিন কবির সুমন পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার একজন বিকাশ এজেন্ট। প্রতিদিনের মতো দিনের লেনদেন শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নির্জন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার গতিরোধ করে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা মেরে সড়কে ফেলে দেওয়া হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ব্যাগে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিল, যার মধ্যে দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন।

ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে গেলে সুমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সহায়তা করেন। তবে অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় বুধবার সকালে নালিতাবাড়ী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী-শেরপুর সড়কের কয়েকটি অংশ রাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে আলো স্বল্পতা ও নিয়মিত টহলের অভাবে অপরাধের আশঙ্কা বাড়ছে। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধার করার দাবি জানিয়েছেন।

Leave Your Comments