৪০ কেজির বদলে ৪২ কেজি: দুর্গাপুরের ৪ ধান ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

Date: 2026-05-20
news-banner

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: 

নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের সময় ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়া হচ্ছে এভাবে কৃষকদের ঠকানোর অভিযোগে চারজন ধান ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষকেরা ৪২ কেজি ধান বাজারে নিয়ে আসলেও ৪০ কেজির দামই পাচ্ছিলেন। এতে তারা ন্যায্য দাম ও পরিমাণ থেকে বঞ্চিত হয়ে লোকসানের শিকার হচ্ছিলেন। 

এ অভিযোগের ভিত্তিতেই প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহা এই চারজন ধান ব্যবসায়ীকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এদিকে অভিযানের সময় ধান কেনাবেচা বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েন কৃষকেরা।

স্থানীয় কৃষক রহিত মিয়া বলেন, ধান নিয়ে আসছি ৪০ টাকা মণে ভাড়া দিয়ে। এখন ফেরত নিয়ে গেলে আবারও ৪০ টাকা খরচ হবে। বাজারে এসে ৪২ কেজি ধান দিয়ে ৪০ কেজির দাম পাই এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, আমরা অভিযান করেছি, চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে তারা কিছুটা প্রতিক্রিয়া দেখাবে। ব্যবসায়ীদের সাথেও আমরা বসবো, যেন কৃষকেরা ন্যায্য মূল্য পান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments