ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গজারিয়ায় ভবেরচরে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা।

Date: 2026-05-20
news-banner

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় বিশেষ তৎপরতা শুরু করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবার হাইওয়ে পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর অংশে যানবাহনের চাপ বাড়তে পারে এমন আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং রোধ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন,আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরাও আমাদের সহায়তা করছেন। মহাসড়কে কোথাও যেন অযথা যানজট সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন,চালক ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কেউ যেন সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং না করেন এবং ট্রাফিক আইন মেনে চলেন এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।

Leave Your Comments