নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

Date: 2026-05-20
news-banner

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

২০ মে,২০২৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের বামহাতিছড়া এলাকার বড়ইতলী কালাচান নামক স্থানে পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) গভীর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাহাড়ি ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার কর্মকর্তা ফেরদৌস রনি। থানা পুলিশের একটি বিশেষ টিম বামহাতিছড়া বড়ইতলী কালাচান এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি ছোট একটি বন্দুক ও একটি বড় গাদা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, সম্ভাব্য সংঘর্ষ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave Your Comments