কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় জামিনুর রহমান নামে একজন ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রোস্তম আলী।
অভিযোগ সুত্রে ও স্থানীয় লোকজন জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি রেকর্ডভুক্ত কাচা সড়ক রয়েছে। গ্রামীন এ-গ্রেড এই কাচা সড়কটি এলজিইডির আইডিভক্তু (নং-১৮৫৪২৪০২৪)। কিন্তু তথ্য গোপন করে ২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের দুই লাখ টাকা বরাদ্দ নিয়ে সরকারি রাস্তা সংস্কারের নামে শহীদবাগ ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য রোস্তম আলী তার ব্যক্তিগত পুকুরের পাড়ি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। আর তিনি নিজেই সভাপভি এবং আপন ভাই ও আত্মীয়দের নিয়ে প্রকল্প কমিটি করেন।
ভুতছাড়া ভেলুপাড়া গ্রামের বাসিন্দা জামিনুর রহমান বলেন, ভেলুপাড়া হতে মহির মাস্টারের বাড়ী পর্যন্ত কাচা সড়কটির গুরুত্বপুর্ণ বেশ কিছু এলাকায় মাটি কাটা সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রোস্তম আলী জনগুরুত্বপুর্ণ স্থান সংস্কার না করে এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে সরকারি বরাদ্দে তিনি নিজের ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোস্তম আলী বলেন, ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছেন তিনি। এর আগেও কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যা অভিযোগ এনেছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও পিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। সমাজে হেয়পন্ন করতে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান বলেন, গ্রামীন সড়ক কোনটি এলজিইডির আইডিভক্তু এমন তথ্য তার দপ্তরে নাই। আর সরকারি কাচা সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্পটি নিয়েছিলো ইউপি সদস্য। অফিসে আসেন এ ব্যাপারে কথা বলা যাবে।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর বা কাবিটা-কাবিখা প্রকল্পের সংস্কার করা যাবে না। তবে উপজেলা পরিষদের সমন্বয় সভার অনুমোদন ক্রমে এলজিইডির আইডিভক্তু সড়ক অন্য কোন দপ্তরের মাধ্যমে সংস্কার করা যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির গঠন প্রক্রিয়াধীন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।