কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার আসামী সুনামগঞ্জ থেকে গ্রেফতার

Date: 2026-05-26
news-banner

‎মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:


‎কিশোরগঞ্জের কটিয়াদীর আলোচিত আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ মহরম আলী (প্রায় ৭০)-কে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।


‎রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় কটিয়াদী থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার আসামীর অবস্থান শনাক্ত করে। পরে সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন বাতাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে পৈতৃক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ আনোয়ার হোসেন (৩০)-এর বাড়িতে হামলা চালিয়ে নিজ ঘরের ভিতরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।


‎এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের মা বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার আসামীরা আত্মগোপনে চলে যায়।


‎কিশোরগঞ্জ জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।


‎পুলিশ সুপার আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Leave Your Comments