সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

Date: 2026-05-25
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকার সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ তাদের পুরো টিম। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।

মানববন্ধনে স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে সাংবাদিকদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে এই ধরণের নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি কেবল ব্যক্তি তুহিন বা সাদ্দামের ওপর হামলা নয়, বরং এটি দেশের স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। মাদক সিন্ডিকেটের হাত কতটা লম্বা হলে তারা সাংবাদিকদের ওপর এভাবে চড়াও হতে পারে, তা নিয়ে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ থেকে কলাপাড়ার সর্বস্তরের সাংবাদিকরা সরকারের প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, হামলার মূলহোতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমসহ সব আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তারের ওপর একটি অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তুহিন ও সাদ্দাম। সংবাদ ধারণের এক পর্যায়ে স্থানীয় মাদক সিন্ডিকেটের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক দলটির ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের গুরুতর আহত করে।

Leave Your Comments