নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৭) নামে এক হিজড়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক হিজড়া চাঁদনী ওরফে বাবু (২৬) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেটসংলগ্ন একটি মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওই এলাকার মো. রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী মিন্টু মিয়ার সন্তান। পরিবার থেকে বের হয়ে দুজন একসঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাসেল মোস্তফা (৩৫), যিনি ওই খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইয়াসমিন ও চাঁদনী খামারের সামনে অবস্থান করছিলেন। এ সময় রাসেল মোস্তফার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল তাঁদের ওপর ছুরিকাঘাত করেন এবং পরে পালিয়ে যান। ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। অভিযুক্ত ও নিহত উভয়ের বিরুদ্ধেই এলাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

চাঁদনীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “আহত চাঁদনীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave Your Comments