মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

Date: 2026-05-25
news-banner

প্রায় তিন মাস আটকে থাকার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। শিপিং তথ্য অনুযায়ী, জাহাজ দুটি বর্তমানে পাকিস্তান ও চীনের দিকে যাচ্ছে।

এর আগে গত শনিবার ইরাকের অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারও পারস্য উপসাগর পার হয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যায়। দীর্ঘদিন উত্তেজনার কারণে এ রুটে জাহাজ চলাচল সীমিত থাকলেও সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে তা পুনরায় শুরু হচ্ছে বলে শিপিং সূত্র জানিয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে দীর্ঘ সময় ধরে জাহাজ চলাচল বিঘ্নিত ছিল। পরে ইরান নির্ধারিত একটি ট্রানজিট রুট চালু করার পর সীমিতভাবে চলাচল শুরু হয়।

শিপিং তথ্য অনুযায়ী, কাতার থেকে লোড করা কয়েকটি এলএনজি ও ক্রুড অয়েলবাহী জাহাজ এখন চীন, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। কিছু জাহাজ ইতিমধ্যে প্রণালি অতিক্রম করেছে এবং কিছু এখনো উপসাগরে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে এখনো বিপুলসংখ্যক জাহাজ ও নাবিক প্রণালি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। বর্তমানে সেই তুলনায় চলাচল কম হলেও ধাপে ধাপে পুনরুদ্ধারের ইঙ্গিত মিলছে বলে শিপিং বিশ্লেষকেরা জানিয়েছেন।

Leave Your Comments